মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, বর্তমানে স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে, তারা পরোক্ষভাবে ফ্যাসিবাদেরই সুবিধা করে দিচ্ছে। তাই জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও ড্যাব জেলা শাখার আহ্বায়ক ডা. এমএ মতিনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, জুলাই গণঅভ্যুত্থান কারো একক বিষয় নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের। কোনো অজুহাত বা ইস্যু ছাড়াই দেশকে অস্থির করার চেষ্টা করা হলে তার সুবিধা ভোগ করবে স্বৈরাচারের দোসররা। তিনি আরও বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। এই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘ ১৭ বছরে ইলিয়াস আলীসহ অসংখ্য মানুষ গুম হয়েছেন এবং ২০২৪ সালের জুলাইয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সবচেয়ে বেশি শহিদ হয়েছেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রতিমন্ত্রী জানান, মাত্র সাড়ে ৫ মাস আগে একটি বিধ্বস্ত অর্থনীতির দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান সরকার। এরই মধ্যে বাজেট পাস ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের প্রত্যাশা পূরণে সরকার সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জুলাই যোদ্ধাদের কর্মসংস্থানের বিষয়ে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং টাঙ্গাইলের সংসদ সদস্য হিসেবে কার্ডধারী প্রত্যেক জুলাই যোদ্ধার বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন। অনুষ্ঠানে জেলার ১২টি উপজেলার ৩০ জন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

