মাদারগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদল নেতাসহ দুই যুবক গ্রেপ্তার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৮০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবকদলের এক নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম নলছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান ইসলাম (২৮)। তার সাথে গ্রেপ্তার হওয়া অপরজন হলেন একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। তবে রুবেল মিয়ার কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম নলছিয়া এলাকা থেকে ওই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলেও তিনি নিশ্চিত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত