সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা নবায়নের ক্ষেত্রে বড় সুখবর নিয়ে এসেছে সৌদি আরব। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন করতে ব্যর্থ হলে, বাংলাদেশি কর্মীরা দ্রুততম সময়ের মধ্যে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে তাদের আকামা নবায়নের সুযোগ পাবেন। এতে আইনগত কোনো বাধা থাকবে না বলে নিশ্চিত করেছেন সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সৌদি প্রতিনিধিদল এই তথ্য জানায়। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে কর্মী নিয়োগ সংক্রান্ত তিনটি চুক্তির মধ্যে ডমেস্টিক কর্মী এবং এসভিপি চুক্তি দুটি নবায়নের অনুরোধ করা হয়। এছাড়া কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং কল্যাণের বিষয় নিয়ে আলোচনার জন্য জয়েন্ট টেকনিক্যাল কমিশনের সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে, যেখানে কর্মীদের আরবি ভাষা, সৌদি আইন ও রীতিনীতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
বৈঠকে স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি এবং হসপিটালিটি খাতে দক্ষ কর্মী নিয়োগের লক্ষ্যে কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ক পারমিটের ফি বৃদ্ধির অজুহাতে নিয়োগকর্তাদের বিলম্ব করার বিষয়টি সমাধানে সৌদি সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে বর্ধিত কর্মী চাহিদায় আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগের আহ্বান জানান এবং নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন। এছাড়া রমজান ও ঈদ উপলক্ষে জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার অনুরোধ জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।
সৌদির ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা স্বাস্থ্য, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান, কর্মীদের অধিকার রক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রোটেকশন সিস্টেম ও ইন্স্যুরেন্স নিশ্চিত করা হয়েছে। এছাড়া জেলে আটক কর্মীদের তথ্য কূটনৈতিক চ্যানেলে পাঠালে তাদের ক্ষমার বিষয়টি সৌদি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

