আগামী শনিবার (৮ আগস্ট) একদিনের সফরে বগুড়ায় আসছেন সাতটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং আয়োজক সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং শিল্প-বাণিজ্য খাতের সম্ভাবনা নিয়ে এই সফরকে স্থানীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
বগুড়া সফরের সময় তারা শাহ ফতেহ আলী সেতুর উদ্বোধন এবং শাকপালা পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বগুড়া সড়ক জোনের উদ্বোধন, বিসিক শিল্প পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন এবং বিসিক শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের অনুষ্ঠানেও তারা যোগ দেবেন। এই সফরকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

