বিদেশফেরত তরুণদের মেধা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকারী বাংলাদেশি তরুণদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতাকে দেশের সামগ্রিক উন্নয়নের অংশীদার করতে চায় বর্তমান সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, এ লক্ষ্য সামনে রেখেই দেশে একটি নিরাপদ, বিনিয়োগবান্ধব এবং কর্মসংস্থানমুখী পরিবেশ গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীতে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার চায় শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা সম্পন্ন করে অর্জিত অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতি, বিনিয়োগ এবং কর্মসংস্থান খাতে ইতিবাচক অবদান রাখুক। বর্তমানে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে বিদেশে পড়াশোনা করা অনেক বিশেষজ্ঞ কাজ করছেন এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলেও তিনি উল্লেখ করেন।

অতীতের সরকারগুলোর সমালোচনা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও আগের সরকারগুলো তরুণদের জন্য টেকসই সুযোগ তৈরিতে ব্যর্থ হয়েছে। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে যেখানে সুশাসন, নিরাপত্তা এবং কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ থাকবে। এর ফলে বিদেশফেরত তরুণরা উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বর্তমান বিশ্বে শিক্ষাকে শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম হিসেবে নয়, বরং কূটনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে। পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়েছে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কিত সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় আরও বাড়ানো হবে এবং শিক্ষার্থীদের স্বার্থে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত