সমন্বিত উদ্যোগে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব: নিসচা মহাসমাবেশে ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেছেন, সমন্বিত উদ্যোগ এবং দৃঢ় বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশেও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব। শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশ-২০২৬ এ তিনি এ কথা বলেন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর আইন প্রয়োগ, বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসম্পৃক্ততার মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যা বাংলাদেশেও করা সম্ভব।

মহাসমাবেশে নিসচার পক্ষ থেকে সরকারের চলমান উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি বাস্তবভিত্তিক জাতীয় কর্মপরিকল্পনা ও ১২ দফা সুপারিশপত্র হস্তান্তর করা হয়। ইলিয়াস কাঞ্চন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নয়, বরং এটি একটি জাতীয় দায়িত্ব এবং মানুষের মৌলিক অধিকার। তিনি আরও বলেন, এই অধিকার নিশ্চিত করতে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিক-শ্রমিক, প্রকৌশলী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কারও প্রতিপক্ষ নই, বরং মানুষের জীবনের পক্ষে এবং সরকারের সহযোগী হিসেবে কাজ করে একটি দুর্ঘটনামুক্ত, নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। যতদিন প্রতিটি মানুষ নিরাপদে ঘরে ফিরতে না পারবে, ততদিন নিসচার আন্দোলন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, কেবল অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের মূল্যবোধ, দায়িত্ববোধ ও আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমেই একটি জাতির প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নাটক, চলচ্চিত্র, সঙ্গীত, লোকসংস্কৃতি এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিশুদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন ও নাগরিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

মহাসমাবেশে নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই)-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. শামসুল হক এবং নিসচা মহাসচিব লিটন এরশাদ। সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, পরিবহন খাতে সুশাসন, জবাবদিহিতা, প্রযুক্তির ব্যবহার ও গবেষণার মাধ্যমে বাংলাদেশ একটি টেকসই ও মানবিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

কন্টেন্ট: সংগৃহীত