চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপির ৭২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৭২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে দলের সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আনুষ্ঠানিকভাবে এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটিতে একরামুল হককে আহ্বায়ক, আব্দুল করিম টিপুকে সদস্য সচিব এবং তানজিদ রহমানকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়া এবিএস মোরশেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি রুবেল আনসারী ও অ্যাডভোকেট আনোয়ার খোকনসহ মোট ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর কমিটির নেতারা জানান, চট্টগ্রাম উত্তর জেলায় এনসিপির সাংগঠনিক ভিত্তি তৃণমূল পর্যায়ে মজবুত করা এবং নাগরিক অধিকার আদায়ের আন্দোলনে দলকে অগ্রণী ভূমিকায় রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এছাড়া ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করার আশাবাদও ব্যক্ত করেছেন নেতারা।