দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বার্তায় তিনি মির্জা ফখরুলের নতুন এই দায়িত্বপ্রাপ্তির বিষয়টি তুলে ধরেন। উপাচার্য তার বার্তায় উল্লেখ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেবল দেশের প্রেসিডেন্টই নন, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন সজ্জন, প্রাজ্ঞ ও দূরদর্শী নেতা হিসেবে দেশবাসীর আস্থা ও শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হয়েছেন।

উপাচার্য ড. এম এম শরীফুল করীম আরও বলেন, একজন নির্মোহ ও প্রদীপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মির্জা ফখরুল দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। রাজনীতির বন্ধুর পথ পাড়ি দিতে গিয়ে তিনি যে সাহসিকতা, সততা ও আপসহীন দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তকে তিনি দীর্ঘ সংগ্রামের ইতিহাস, ত্যাগের মহিমা এবং দেশপ্রেমের যথাযথ মূল্যায়ন হিসেবে অভিহিত করেছেন।

একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ রাজনীতিবিদ রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় উপাচার্য গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে, মির্জা ফখরুলের প্রজ্ঞা ও অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে এগিয়ে যাবে। একইসঙ্গে, দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার এবং উদ্ভাবনী জ্ঞান সৃষ্টির ক্ষেত্রে নতুন গতি পাবে বলেও তিনি প্রত্যাশা করেন। পরিশেষে, কুবি উপাচার্য নবনির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফল কর্মময় জীবন কামনা করেছেন।