ময়মনসিংহে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুরে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর শহরের ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ প্রায় ২০টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিনেমা হলটিতে প্রথম আগুনের শিখা দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিনেমা হলের পাশেই অবস্থিত এলপিজি গ্যাসের গুদাম, ডেকোরেশন ও পুরাতন কাপড়ের দোকানসহ বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিনেমা হলের পাশের সিলিন্ডার গ্যাসের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় জমিদার বাড়িতে গড়ে ওঠা এই পুরনো সিনেমা হলটিসহ আশেপাশের দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।