সোশ্যাল মিডিয়ায় লাইক, ভিউ এবং ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় একজন কন্টেন্ট ক্রিয়েটর কতটা মরিয়া হতে পারেন, সেই বাস্তবতার গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ নিয়ে এসেছে অরিজিনাল ওয়েব ড্রামা ‘চেকআউট’। মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত এই নাটকটি ১ অক্টোবর থেকে বঙ্গ’তে স্ট্রিমিং শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় জুটি শিমুল শর্মা এবং লামিমা লামকে। ১০ লাখ ভিউয়ের জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর ঠিক কতদূর যেতে পারেন।
নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে দুজন কন্টেন্ট ক্রিয়েটরের ভার্চ্যুয়াল জীবনের টানাপোড়েনকে ঘিরে। নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে এবং ভিউ বাড়ানোর নেশায় তারা বেছে নেন এক ঝুঁকিপূর্ণ পথ। পর্দার সামনে সাজানো প্রেমের নাটকের আড়ালে তারা বাস্তবেও বিভিন্ন জটিলতায় জড়িয়ে পড়েন। ক্যামেরার পেছনের কৃত্রিমতা এবং বাস্তব জীবনের মানসিক টানাপোড়েনের এই গল্প দর্শককে নতুন করে ভাবতে শেখাবে। ক্যামেরার সামনে লাইক আর ফলোয়ার পাওয়ার জন্য তাদের সাজানো প্রেমের নাটক একপর্যায়ে বাস্তব জীবনেও গভীর প্রভাব ফেলতে শুরু করে।
বঙ্গ’র হেড অফ কন্টেন্ট মোহাম্মদ আলী হায়দার নাটকটি সম্পর্কে জানান, বর্তমান তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনের বাস্তব চিত্র এবং ভাইরাল হওয়ার দৌড়ই এই নাটকের মূল বিষয়বস্তু। তিনি আরও বলেন, শিমুল ও লামিমার চমৎকার কেমিস্ট্রি এবং স্বাধীনের শৈল্পিক নির্মাণে দর্শক সমসাময়িকের এক বাস্তব ও বিনোদনমূলক গল্প উপভোগ করতে পারবেন।
সুফিয়ান রায়হানের নির্বাহী প্রযোজনায় তৈরি এই ওয়েব ড্রামাটি সোশ্যাল মিডিয়ার চকচকে জগতের পেছনের কঠিন ও মজার দিকগুলো অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। ডিজিটাল দুনিয়ার এই মেকি সম্পর্কের পরিণতি কী হয়, তা জানতে দর্শকদের বঙ্গ প্ল্যাটফর্মে নাটকটি দেখার আহ্বান জানানো হয়েছে।

