ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্য এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২২ ও ২৩ অক্টোবর এই ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আয়োজন সফল করতে স্টেডিয়ামের মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা এবং গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধাসহ সার্বিক অবকাঠামো সোমবার সরেজমিন পরিদর্শন করেছে বিসিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল।
পরিদর্শন শেষে বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে দলটি স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন। সৈয়দ আব্দুল বাতেন জানান, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির ম্যাচ আয়োজনের ঘটনা এটিই প্রথম। তিনি বলেন, এটি একটি অসাধারণ ভেন্যু। বিসিবি দীর্ঘ সময় ধরে বিভিন্ন ম্যাচ পরিচালনা করলেও এভাবে কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে ওয়ার্ম-আপ ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এবারই নতুন। পরিদর্শনে ছোটখাটো যেসব জায়গায় পরিবর্তন বা উন্নয়নের প্রয়োজন ছিল, সেগুলো চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক দলের প্রস্তুতি ম্যাচ আয়োজনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট পরিচালনার একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে সৈয়দ আব্দুল বাতেন আরও বলেন, দুই দিনের এই ম্যাচটি বিসিবির জন্য একটি টেস্ট কেস হিসেবে কাজ করবে। তিনি জানান, বসুন্ধরা এলাকায় আরও একটি মাঠ নির্মাণের কাজ চলছে এবং সেখানে ভালো অনুশীলনের সুবিধা রয়েছে। মূলত ভবিষ্যতে ক্রিকেট আয়োজনের পরিধি বাড়ানোর লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান এবং সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই পরিদর্শন সম্পন্ন হয়। মাঠ থেকে শুরু করে মেডিকেল রুম ও সাংবাদিকদের কক্ষসহ প্রতিটি বিভাগ বিসিবি কর্মকর্তাদের দেখানো হয়েছে। মো. ইমরুল হাসান বলেন, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের এই ম্যাচ আয়োজন তাদের জন্য গৌরবের। বিসিবি এ ধরনের আয়োজনে অভ্যস্ত হলেও তাদের প্রতিষ্ঠানের জন্য এটি প্রথম অভিজ্ঞতা, তাই বোর্ডের দিকনির্দেশনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এর আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বয়সভিত্তিক এবং ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এমনকি জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচও এই মাঠে আয়োজিত হয়েছে। সব মিলিয়ে, আগামী ২২ ও ২৩ অক্টোবরের প্রস্তুতি ম্যাচ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

