প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের শীর্ষ পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর মূল কোম্পানি ‘ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড’-এর চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাই বৈঠক করেছেন। বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই সাক্ষাতে বাংলাদেশের পোশাকশিল্পে বিনিয়োগ আরও বাড়ানোর জন্য ইউনিক্লোকে আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাতে বাংলাদেশের ওপর ইউনিক্লোর আস্থা এবং দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ম্যান-মেড ফাইবার বা কৃত্রিম তন্তু, টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদনের মতো সম্ভাবনাময় খাতে বিনিয়োগে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিনিয়োগের জন্য জমি বরাদ্দ, অনুমোদনের প্রক্রিয়া সহজ করা এবং অন্যান্য প্রশাসনিক কাজ দ্রুত নিষ্পত্তিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের ওপর উভয় পক্ষ জোর দিয়েছে, যা দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরালো করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ইউনিক্লোর প্রতিনিধিদলে সিইও তাদাশি ইয়ানাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন ফাস্ট রিটেইলিংয়ের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।

