রাজধানীজুড়ে গত কয়েক দিনে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সন্ধ্যা হলেই নগরীর বিভিন্ন এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটছে, যার মধ্যে থানার আঙ্গিনা ও সিআইডি পুলিশের গ্যারেজের মতো সুরক্ষিত এলাকাও বাদ যায়নি। গতকাল সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের’ একটি শিক্ষার্থী পরিবহনের বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ বিষয়ে পরিবহন শাখার কর্মকর্তা কামাল হোসেন জানান, ১০০ ফিট সড়কে তাদের চারটি বাস পার্কিং করা ছিল, যার একটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভাটারা থানার এসআই দেবাশিষ রায় জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক পেছনের দিক থেকে বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর ওই পক্ষ গিয়ে সেই বাসে আগুন দেয়। কিছু বুঝে ওঠার আগেই সকলের সামনে বাসটি পুড়ে যায়। তিনি বলেন, আমরা এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি। বনানী থানার ডিউটি অফিসার এসআই জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের গণতন্ত্র ও মুক্তি তোরণের কাছে দুটি, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে একটি, ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে দুটি, সিনেট ভবন ও ভিসি অফিসের সামনে একটি এবং ইউল্যাব স্কুলের সামনে একটি—সর্বমোট ৯টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসি এলাকায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা রেজাউল করিম, সোহেল রানা ও নাজমুস সাদ নামের তিন যুবককে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেন। নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ গুলশান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। একই রাতে মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারের সামনের বীর-উত্তম শামসুল আলম সড়কে দুর্বৃত্তরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে মারে, যা এসবি’র একটি গাড়ির ওপর বিস্ফোরিত হয় বলে পল্টন থানার ওসি আরিফুল আলম নিশ্চিত করেছেন। যখন তারা ডাচ্-বাংলার সামনে ককটেল মেরে সামনের দিকে আসে তখনই তাদেরকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল ছুড়ে মারলে এসআরবি-৪-এর এক সদস্য আহত হন। বিস্ফোরণের সময়ে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পল্লবী থানার সামনের ফ্লাইওভারের উপরে হেলমেট মাথায় দিয়ে দাঁড়িয়ে থানার ভেতরে ককটেল ছুড়ে মারছে ১৫ থেকে ২০ বছর বয়সি এক যুবক।
এছাড়া মিরপুর ১ নম্বরের সনি সিনেমা হলের সামনে একটি গাড়িতেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে শনিবার গভীর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা ও ডেমরার বাঁশেরপুল এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণে কাঁচ ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। শনিবার রাত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে। মিরপুর ১২ নম্বর সেকশনে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শুক্রবারও রাজধানীর পাঁচটি স্থানে জোড়া ককটেল বিস্ফোরণ ও বাড়িধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে উঠে এসেছে যে, নাশকতার এই ঘটনায় দুর্বৃত্তরা প্রধানত নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল ব্যবহার করছে। ফ্লাইওভারের ওপর থেকে হেলমেট পরে এসে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যাওয়া এবং পুরো প্রক্রিয়ার ভিডিও ধারণ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশদাতাদের কাছে পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের বাইরে থেকে এই নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন আসছে। নিষিদ্ধ সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে এসব বাস্তবায়ন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ই নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, যা সামনে রেখে রাজধানীর পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এসব ঘটনা রাজধানী জুড়ে নাশকতার সৃষ্টির আলামত হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এসব কাজে দুর্বৃত্তদের অন্যতম হাতিয়ার ‘মোটরসাইকেল’। নম্বরপ্লেট-বিহীন মোটরসাইকেলে হেলমেট পরে এসে দ্রুতই তারা আতঙ্ক ছড়িয়ে হাওয়া হয়ে যাচ্ছে। এতে আসামি পাকড়াও করতে বেগ পেতে হচ্ছে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও। সিসি ক্যামেরা নেই এমন স্থান ঠিক করেই ককটেল ছুড়ছে তারা। আর দূর থেকে আগে দাঁড়িয়ে ফোনে ভিডিও করছে আরও এক থেকে দুইজন ব্যক্তি। কেউ আবার মোটরসাইকেলের পেছনে বসে এক হাতে ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে আর অন্য হাত দিয়ে বিস্ফোরণের ভিডিও ধারণ করছে। সংশ্লিষ্টরা বলছেন, আগে থেকেই ককটেল নিক্ষেপকারীরা ছক কষে, কে কোথায় কোথায় কি করবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা এসব নাশকতার নির্দেশনা দিচ্ছেন। দেশ জুড়ে এমন নাশকতার ছক থাকলেও বর্তমানে একের পর এক ককটেল বিস্ফোরণে ও বাসে আগুন দিয়ে রাজধানীতে অস্থিরতা সৃষ্টি করে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কোনঠাসা করতে চায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এই গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন-অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব সহিংসতা চালাচ্ছে। পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ইতোমধ্যেই জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আতঙ্ক রোধে সব ধরনের অপারেশনাল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক ক্রয়-বিক্রয় রোধে নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এরই মধ্যে এই ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

