রয়টার্স: নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নতুন করে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে এসংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে দাখিল করা প্রথম আবেদন।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে নাগরিকত্বের অধিকার বজায় রেখে নতুন নথি পাওয়ার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার চুক্তির আওতায় বাংলাদেশের আইনি বাধ্যবাধকতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। রয়টার্স সে চিঠি দেখার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।

শেখ হাসিনা এর আগে বিভিন্ন সময়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের আগ্রহ প্রকাশ করেছেন। তার ঘনিষ্ঠ সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তিনি দেশে ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন। প্রায় দুই দশক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এই নেত্রীর ফেরা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। বিভিন্ন মেয়াদে প্রায় ২০ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শেখ হাসিনার প্রতি এখনো জনগোষ্ঠীর একটি অংশের সমর্থন রয়েছে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করে। তার এই নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনা ও সম্ভাব্য দেশে ফেরার উদ্যোগের ফলে রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান সরকার যখন স্থিতিশীলতা ফেরাতে কাজ করছে, তখন তার এই পদক্ষেপ নতুন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে আওয়ামী লীগ দেশীয় রাজনীতিতে নিষিদ্ধ এবং দলটির অধিকাংশ নেতাকর্মী কারাবন্দী কিংবা স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল দেশের বৃহত্তম রাজনৈতিক দল। দলটির অনেক নেতা-কর্মী কারাবন্দী হয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর ঢাকায় সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, তখন তার প্রত্যাবর্তন নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।