রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের জোরালো সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অঙ্গনে তুরস্কের জোরালো সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের পাশাপাশি ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) এ ক্ষেত্রে দেশটির সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন তিনি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক শুরুর প্রাক্কালে দুই নেতার মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা মানবিক সংকটের সার্বিক পরিস্থিতি মোকাবিলা এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান বাংলাদেশের সরকারপ্রধান। একই সঙ্গে মাঠপর্যায়ে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সাহায্য দিয়ে পাশে থাকার জন্যও আঙ্কারাকে ধন্যবাদ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফরসঙ্গী হিসেবে সাথে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। জলবায়ু সম্মেলনের সফল আয়োজনের জন্য তুর্কি প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

বৈঠকের সূচনায় গত সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে নিজের পূর্ববর্তী আলোচনার স্মৃতি স্মরণ করেন তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের নানা মাত্রার পাশাপাশি উভয় দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এ খাতে যৌথ বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ও খনিজ সম্পদ ক্ষেত্রে আঙ্কারার বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সুরক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরালো করার প্রতিও তিনি তাগিদ দেন। দ্বিপক্ষীয় এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।