বগুড়ায় ইসলামী ব্যাংকে দুই ঘণ্টা কলম বিরতি ও মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং ঢাকায় গ্রাহকদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘণ্টার কলম বিরতি পালন করেছেন। সোমবার (৮ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগরী এই কর্মসূচিতে অংশ নেয়।

কলম বিরতি চলাকালে কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ ইসলামী ব্যাংক বগুড়া শাখা ও বড়গোলা শাখার সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শাহীন মিয়া, সদস্য সচিব শ্রমিক নেতা আজগর আলী, আইনজীবী আল আমীন তরফদার, অধ্যক্ষ ইকবাল হোসেন, বুলবুলি খাতুন এবং শাহনেওয়াজ রেবাসহ প্রমুখ।

বক্তারা মানববন্ধনে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার একটি নির্দিষ্ট মহলের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে যে নজিরবিহীন লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। তারা আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও ঋণ খেলাপী। তিনি ব্যাংককে রক্ষা করতে পারবেন না।

অবিলম্বে নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবি জানান বক্তারা।