জাতীয় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করে আধুনিকীকরণের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে সংসদের লাইব্রেরি কমিটি। জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস) প্রকল্পের অধীনে ইউএনডিপি’র সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
বৈঠকে কমিটির সদস্য হুইপ এ. বি. এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ. বি. এম. মোশাররফ হোসেন, হুম্মাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সবাইকে স্বাগত জানানোর পর কার্যক্রম শুরু হয়। এরপর বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১ -এর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত করার উদ্যোগ
সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত ও যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এ লক্ষ্যে লাইব্রেরি কমিটির সদস্য সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম এবং হুম্মাম কাদের চৌধুরীসহ ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে একটি সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গ্রন্থাগার বিধির আলোকে আগ্রহী গবেষকদের জন্য গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে সশরীরে অথবা অনলাইনভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা চালু করা, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি করে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিত করা এবং সংসদ অধিবেশন চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেওয়া।
গবেষণা কমিটি গঠন ও অন্যান্য সুপারিশ
জাতীয় সংসদ সচিবালয়ের গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটির সভাপতি হিসেবে কমিটির সদস্য সাঈদ আল নোমানকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগারে দু’জন আইটি কর্মকর্তা ও দু’জন পরিচ্ছন্নতাকর্মী পদায়নের জন্য কমিটি সুপারিশ করেছে। জাতীয় সংসদ গ্রন্থাগারের প্রবেশ পথে একটি ডিজিটাল নামফলক সংযোজনের ব্যবস্থা গ্রহণের জন্যও সুপারিশ করা হয়।
