চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত পৌনে আটটার দিকে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইনসের বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা একই ফ্লাইটে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সরকারের মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। এ ছাড়া বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে স্বাগত জানান বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
বাসস সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ করেন। এরপর বুধবার দুপুরে হাইস্পিড বা বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বেইজিংয়ে অবস্থানকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি বেইজিংয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনেও তিনি অংশ নেন।
শুক্রবার বেইজিংয়ের গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুন মালয়েশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
