আমার তিন বছর বয়সী মেয়ে ভূত নিয়ে প্রচণ্ড রকমের আগ্রহী। প্রতিদিন রাতে সে ভূতের গল্প শোনার বায়না ধরে। রূপকথা কিংবা কাল্পনিক রোমাঞ্চকর গল্পের অংশ হিসেবে ভূতের ছড়া বা কাহিনি বেশ জনপ্রিয়। চলচ্চিত্র বা সিরিজের ক্ষেত্রেও হরর জনরাটি অনেকের পছন্দের। কিন্তু অনেকে দাবি করেন যে, তাঁরা বাস্তব জীবনে অদ্ভুত কিছু দেখেছেন বা অনুভব করেছেন। প্রশ্ন হলো, এই অনুভূতিগুলো কি সত্যিই ভূতের উপস্থিতি, নাকি এর পেছনে অন্য কোনো যৌক্তিক কারণ লুকিয়ে আছে?
বর্তমান সময়ের বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, ভূতের অস্তিত্বের সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। বছরের পর বছর ধরে অসংখ্য কথিত ভূত শিকার বা গোস্ট হান্টিংয়ের দাবি করা হয়েছে। কিন্তু এমন কোনো প্রমাণ মেলেনি, যা বৈজ্ঞানিক মানদণ্ডে যাচাইযোগ্য।
এখন প্রশ্ন জাগতে পারে, মানুষ কেন তাহলে ভূত দেখার দাবি করে? এর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, আমরা যখন অজানা বা অস্বাভাবিক কোনো কিছু দেখি, তখন সেটিকে তাৎক্ষণিকভাবে ভূত বলে ধরে নিই। যেমন—অন্ধকারে কোনো কিছুর নড়াচড়া, অদ্ভুত কোনো শব্দ, দেয়ালের ছায়া, প্রতিচ্ছবি কিংবা নিজে নিজে দরজা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাগুলো স্বাভাবিক হলেও মনের ভেতর রহস্যের জন্ম দেয়।
এর মধ্যে একটি শারীরিক অবস্থা হলো ‘স্লিপ প্যারালাইসিস’। এই অবস্থায় মানুষ ঘুম ও জাগরণের মাঝামাঝি সময়ে আচ্ছন্ন থাকে এবং নিজের শরীর নড়াচড়া করতে পারে না। তখন অনেকে মনে করেন, অশরীরী কোনো সত্তা বুকের ওপর চেপে বসেছে এবং দম বন্ধ করে দিচ্ছে। এই ভীতিজনক অভিজ্ঞতাকেই অনেকে ভূত দেখার সঙ্গে তুলনা করেন।
এছাড়া একাকী থাকা, অন্ধকার বা অজানা শব্দের মতো বিষয়গুলো মস্তিষ্ককে বিভ্রান্ত করতে পারে, যা থেকে অস্বাভাবিক অভিজ্ঞতার সৃষ্টি হয়। ভূতের ধারণার ক্ষেত্রেও অনেক অমিল পাওয়া যায়। যেমন, একটি ভূত যদি দেয়ালের ভেতর দিয়ে চলাচল করতে পারে, তবে সেটি কীভাবে বস্তু সরানোর শক্তি পায়? অথবা কোনো শক্তি যদি ভূত হয়, তবে সেই শক্তির উৎস কী? এই প্রশ্নগুলোর কোনো বিজ্ঞানসম্মত উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
অনেকে ভূতের অস্তিত্ব প্রমাণের জন্য ইএমএফ মিটার বা ইনফ্রারেড ক্যামেরার মতো যন্ত্র ব্যবহার করেন। কিন্তু বাস্তবে এই যন্ত্রগুলো কেবল বৈদ্যুতিক ক্ষেত্র, তাপমাত্রা কিংবা পারিপার্শ্বিক পরিবর্তনের হিসাব দেখায়। এখন পর্যন্ত কোনো যন্ত্রই ভূতের অস্তিত্ব শনাক্ত করতে পেরেছে—এমন কোনো প্রমাণ নেই।
মানুষের ব্যক্তিজীবন, সংস্কৃতি কিংবা লোককাহিনির প্রভাবেই অনেকে ভূতে বিশ্বাস করেন। আবার কেউ কেউ মনোযোগ পাওয়ার আশায় বা নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে বাস্তব অভিজ্ঞতার সাথে কল্পনা মিশিয়ে ভূতের গল্প তৈরি করেন। এছাড়া প্রাগৈতিহাসিক কাল থেকেই মানুষ এমন সব ঘটনার সম্মুখীন হয়েছে, যার সঠিক ব্যাখ্যা তখনকার দিনে জানা ছিল না, আর সেখান থেকেই মানুষের মনে ভূতে বিশ্বাসের ভিত্তি গড়ে উঠেছে।
