রংপুরে মেডিকেল শিক্ষার্থী সাকিন এক দিনের রিমান্ডে

রংপুরে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রবিবার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাকে আদালতে তোলা হলে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।

বাদি পক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন জানান, মামলার প্রয়োজনীয় উপাদান এবং মোবাইল ফোনের তথ্যাদি বিশ্লেষণ করে তদন্তকারী কর্মকর্তা আদালতে রিমান্ডের আবেদন করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত সাকিনকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়। আইনজীবী আরও জানান, গত ১৬ জুন রাত সাড়ে ৩টার দিকে সাকিন এবং নুজশাতের মধ্যে মোবাইল ফোনে ৫০ মিনিট ১২ সেকেন্ড কথা হয়। এছাড়া গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার মোবাইল ফোনে কথা ও ম্যাসেজ আদান-প্রদান হয়েছে। গভীর রাতে একজন ছাত্রের সঙ্গে শিক্ষকের এত দীর্ঘ সময় কথা বলার বিষয়টি অস্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বিবাদির আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল বলেন, আমরা সাকিনের জামিনের আবেদন করেছিলাম কিন্তু আদালত তা নাকচ করেছে। রিমান্ড শেষে পুনরায় জামিনের আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ২২ জুন বিকেলে রংপুরে একটি হোটেলের ছাদ থেকে পড়ে নুজশাত জাহানের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন নুজশাতের বাবা নজরুল ইসলাম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন। ওই দিনই অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী এবং নুজশাতের প্রাইভেট শিক্ষক সাকিনকে পুলিশ গ্রেফতার করে।