প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৬তম বর্ষে পদার্পণ করেছে। বুধবার (১ জুলাই) ১০৬তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’।
মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় দিবসটি উদযাপনের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং দিবস উদযাপন উপলক্ষে গঠিত বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিবরা।
দিবসটি উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন এবং অগ্রযাত্রায় সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা শোভাযাত্রাসহ স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সকাল ৯টা ৪৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হলের পতাকা উত্তোলন এবং কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে। এ সময় জাতীয় সংগীত, বিশ্ববিদ্যালয়ের থিম সং, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত পরিবেশিত হবে এবং বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ সংগীত পরিবেশনা থাকবে। এরপর সকাল সাড়ে ১০টায় টিএসসি মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা হবে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী এবং সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে, তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৩টায় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং আলোচনায় অংশ নেবেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
নিরাপত্তার স্বার্থে দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার ডেলিভারি এবং জরুরি সরকারি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়ক উন্মুক্ত থাকবে।
