মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। সোমবার (২৯ জুন) রাতে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের গয়াসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে জুবের মিয়া (১৮)। ফরিদা উপজেলার বড়দল গ্রামের বাসিন্দা শাহ ইদ্রিস আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজনগরের মুন্সিবাজার থেকে মা ও ছেলে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাদের বড়দল গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে গয়াসপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী মা ও ছেলে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বড়দল গ্রামের বাসিন্দা আব্দুল মালিক জানান, সড়ক দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হলে তারা দুজনেই ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।