বিশ্বকাপ শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ে-আইভরি কোস্ট

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার রাতে মাঠে নেমেছে নরওয়ে ও আইভরি কোস্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় এই গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হয়।

এই ম্যাচটি আইভরি কোস্টের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ প্রথমবারের মতো তারা বিশ্বকাপের নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে। অন্যদিকে, সুপারস্টার স্ট্রাইকার আর্লিং হালান্ডকে সামনে রেখে নরওয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। কাগজ-কলমে নরওয়েকেই ফেভারিট মানা হচ্ছে; ফিফা লাইভ র‍্যাঙ্কিংয়ে নরওয়ে ২৩ নম্বরে অবস্থান করছে, যেখানে আইভরি কোস্টের অবস্থান ৩১ নম্বরে।

আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে তার দলের শক্তির দিক তুলে ধরে বলেন, ‘আমাদের শক্তির মূল জায়গা হলো, দলের যেকোনো খেলোয়াড় গোল করতে পারে। এটি প্রতিপক্ষকে বিভ্রান্ত করার জন্য দারুণ কার্যকর। বেঞ্চ থেকে আসা খেলোয়াড়রাও ম্যাচে বড় ভূমিকা রাখতে পারছে।’ প্রতিপক্ষ নরওয়েকে সমীহ করলেও আত্মবিশ্বাসী ফায়ে আরও যোগ করেন, ‘ওরা খুবই গোছানো দল, ব্যক্তিগতভাবে সবাই দারুণ এবং সুযোগ পেলেই গোল করতে পারে। তবে আমাদেরও শারীরিক শক্তি আছে। আমরা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করব।’

ম্যাচের আগে নরওয়ের কোচ স্টেল সোলবাকেনও প্রতিপক্ষকে শক্তিশালী উল্লেখ করে বলেন, ‘আমাদের ওদের শারীরিক শক্তির সঙ্গে টেক্কা দিতে হবে। কারণ ওরা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি হবে, যে দল একটু ভাগ্যের সহায়তা পাবে তারাই জিতবে।’

এই ম্যাচের বিজয়ী দল বিশ্বকাপের শেষ ১৬-এর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে।