রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির মতে, এই বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
