সস, মেয়োনেজ বা চিজ দেওয়া খাবার গরম করে খাওয়া কি নিরাপদ?

সস, মেয়োনেজ বা চিজ দিয়ে তৈরি সুস্বাদু খাবার বেঁচে গেলে অনেকে তা ফ্রিজে রেখে পরদিন গরম করে খেয়ে থাকেন। তবে টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান ও পুষ্টিবিদ অধ্যাপক শম্পা শারমিন খান জানান, এ ধরনের খাবার টাটকা অবস্থায় খাওয়াই সবচেয়ে নিরাপদ। ফ্রিজে রাখা খাবার পুনরায় গরম করে খাওয়ার ক্ষেত্রে সঠিক নিয়ম না মানলে জীবাণু সংক্রমণের ঝুঁকি থাকে, যা থেকে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।

খাবার তৈরির দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে রাখা উচিত। আবহাওয়া গরম থাকলে এই সময়সীমা এক ঘণ্টায় নামিয়ে আনা ভালো। তবে গরম অবস্থায় কখনোই খাবার ফ্রিজে ঢোকানো যাবে না। খাওয়ার পর টেবিলে দুই ঘণ্টার বেশি সময় পড়ে থাকা খাবার ফ্রিজে রাখা ঝুঁকিপূর্ণ, তাই সারা রাত বাইরে রাখা খাবার পরদিন গরম করে খাওয়া একেবারেই উচিত নয়। পাস্তাজাতীয় খাবারের ক্ষেত্রে পরিবেশনের আগেই বাড়তি অংশ আলাদা করে রাখা বুদ্ধিমানের কাজ।

খাবার সংরক্ষণের জন্য ভালো মানের বায়ুরোধী বাক্স ব্যবহার করুন এবং গরম অবস্থায় প্লাস্টিকের পাত্রে রাখা থেকে বিরত থাকুন। প্রতিটি বাক্সে এমন পরিমাণ খাবার রাখুন যেন তা বের করে একবারেই শেষ করা যায়, কারণ একই খাবার বারবার গরম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খাবার গরম করার সময় খেয়াল রাখতে হবে যেন এর প্রতিটি অংশ সমানভাবে গরম হয় এবং কোনো অংশ ঠান্ডা না থাকে। এছাড়া গরম করার আগে অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজ বা পলিথিন মোড়ক অবশ্যই সরিয়ে ফেলতে হবে।

বার্গার বা স্যান্ডউইচের মতো খাবারের ক্ষেত্রে টমেটো, শসা বা লেটুসের মতো কাঁচা উপাদান এবং চিজের স্তর আলাদা করে রাখা ভালো, কারণ গরম করলে এগুলোর স্বাদ নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখা এসব খাবার তৈরির সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় ফ্রিজে রাখা ঠিক নয়। যদি খাবার থেকে কোনো ধরনের দুর্গন্ধ, অস্বাভাবিক রং বা পিচ্ছিল ভাব দেখা দেয়, তবে তা ফেলে দেওয়াই শ্রেয়। যেসব খাবারে সস বা মেয়োনেজের পরিমাণ অনেক বেশি, সেগুলো ফ্রিজে না রেখে টাটকা খাওয়াই ভালো।

খাবার যদি ২৪ ঘণ্টার মধ্যে খাওয়ার সম্ভাবনা না থাকে, তবে শুকনা অংশগুলো আলাদা করে ডিপফ্রিজে রাখা যেতে পারে। তবে চিজ দেওয়া খাবার, সস বা মেয়োনেজযুক্ত নরম খাবার কিংবা ঝোলজাতীয় খাবার ডিপফ্রিজে রাখা উচিত নয়। বাইরে থেকে কেনা বাসি খাবার খাওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যদি তৈরির সময় সম্পর্কে নিশ্চিত হওয়া না যায়, তবে তা না কেনাই ভালো। একান্তই খেতে হলে সেদিনই খেয়ে নিন, বাসি খাবার কখনোই ফ্রিজে সংরক্ষণ করা উচিত নয়।