দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে তিনটি বই রাখার আগের নির্দেশনা বাতিল করা হয়েছে। সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় যে তিনটি বই রাখার কথা বলা হয়েছিল সেগুলো হলো সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এই বইগুলো জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছিল।
এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) একটি চিঠি পাঠানো হয়েছিল। উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত সেই চিঠিতে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে এই তিনটি বইয়ের অন্তত এক সেট করে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনাটিই এখন বাতিল করা হলো।

