ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের পর এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাঙামাটি জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে একটি জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে পাহাড়ধস ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কারণে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যটক ও জনসাধারণের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান লক্ষ্য। এই ঝুঁকি এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সকল পর্যটন কেন্দ্র, পাহাড়ি ট্রেইল, ঝরনা এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।