জেলা ও উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, জেলা পর্যায়ের মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে নতুন ডায়ালাইসিস বেড যুক্ত করা হচ্ছে। এছাড়াও, জেলা সদর হাসপাতালগুলোতে ১০টি করে নতুন ডায়ালাইসিস বেড স্থাপনের কাজ চলছে। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। ব্র্যাক আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ শীর্ষক উদ্যোগের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মের হার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একটি দালাল চক্র অন্তঃসত্ত্বা মায়েদের এমন চিকিৎসকদের কাছে নিয়ে যাচ্ছে, যারা সরাসরি সিজারিয়ান অপারেশনের দিকে ঝুঁকছেন। এছাড়া অস্ত্রোপচারের পর নবজাতকদের মায়ের শালদুধ খেতে না দেওয়ার প্রবণতা শিশুদের পুষ্টি ও ভিটামিনের ঘাটতি তৈরি করছে। ইউনিসেফ এবং বিভিন্ন দাতাগোষ্ঠীর প্রতিনিধিদের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বাভাবিক প্রসব প্রক্রিয়াকে উৎসাহিত করার সময় এসেছে এবং সরকার এই লক্ষ্যে কাজ করছে।

মা ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মিডওয়াইফ ও পরিচর্যাকারী নিয়োগ দেবে, যারা আধুনিক স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি মায়েদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। এছাড়া, চলতি বছরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। মন্ত্রী জানান, ল্যাবরেটরির জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলতি মাসেই এ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে।