এইচএসসি পরীক্ষা: জলাবদ্ধতায় কুমিল্লায় কেন্দ্র পরিবর্তন করল শিক্ষা বোর্ড

ভারী বর্ষণে সৃষ্ট তীব্র জলাবদ্ধতায় কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থীদের হাঁটু থেকে কোমরপানি মাড়িয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। পরীক্ষার্থীদের চরম ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ওই কেন্দ্রের পরীক্ষা স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সন্ধ্যায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বুধবার ১৫ জুলাই থেকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা নগরের ছাতিপট্টি এলাকায় অবস্থিত অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরবর্তী পরীক্ষাগুলো দেবেন। ভবিষ্যতে যেকোনো সময় ভারী বর্ষণে পুনরায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে নতুন পরীক্ষার্থীদের জায়গা সংকুলান নিয়ে কোনো সমস্যা হবে না বলেও বোর্ড আশ্বস্ত করেছে।

উল্লেখ্য, সোমবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কুমিল্লা নগরে ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এই অতি ভারী বর্ষণে পুরো শহর অচল হয়ে পড়ে এবং প্রধান সড়কসহ অলিগলি হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে যায়। সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়া কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মোট ১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী রয়েছেন। কলেজ প্রাঙ্গণ পানিতে ডুবে যাওয়ায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে চরম বেগ পেতে হয়। পরিস্থিতির ভয়াবহতা দেখে পরে সিটি করপোরেশনের উদ্যোগে কয়েকটি প্লাস্টিকের নৌকা ও ভ্যানের মাধ্যমে অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo