শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আগামীকাল বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে উত্তরার আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা আজ রাতের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন এবং পরে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে যান।

একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকাতেও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরের শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়েছে। নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, যেখানে পুলিশের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদেরও দেখা গেছে।

এর আগে গত সোমবার টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা মিছিল নিয়ে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন। ভিসি চত্বরের সামনে বেলা সোয়া একটার দিকে পুলিশ তাদের সরিয়ে দিলে শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh