সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামে মিয়া হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের মিস্টার আলীর ছেলে। গত সোমবার রাতের কোনো এক সময়ে নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত মিয়া হোসেনের ফেসবুক আইডি থেকে সোমবার রাত আনুমানিক ১টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই'। এই পোস্ট দেওয়ার পরই তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।
মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং বিষয়টি তাহিরপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
নিহতের মায়ের ভাষ্যমতে, পারিবারিক ও মানসিক চাপের কারণে মিয়া হোসেন এই পথ বেছে নিয়ে থাকতে পারেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

