বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ম্যানিলায় রুবিওর সঙ্গে বৈঠককালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ আমন্ত্রণ জানান।
বৈঠকটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত ছিলেন। উভয় পক্ষ বাংলাদেশ-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে।
বৈঠকে রুবিও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

