লন্ডনে চিকিৎসার জন্য অবস্থানকালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কোনো ফোনালাপ হয়েছিল কি না—এমন প্রশ্নের মুখে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সরাসরি জানান, বিষয়টি তার জানা নেই।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরের প্রেক্ষিতে এক সাংবাদিক জানতে চান, প্রেসিডেন্ট লন্ডনে চিকিৎসাধীন থাকার সময় ভারতে পলাতক শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন কি না। এর উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সেটা আমি জানি না।' তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট চিকিৎসার প্রয়োজনে কিছু সময় আগে বিদেশ গিয়েছিলেন এবং অসুস্থ হলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়া স্বাভাবিক।
প্রেসিডেন্টের বিদেশ সফর প্রসঙ্গে জানা যায়, তিনি চিকিৎসার জন্য গত ৯ মে লন্ডনে যান এবং ১৮ মে দেশে ফিরে আসেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণকারী মো. সাহাবুদ্দিন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে এখন পর্যন্ত সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি। এ সময় প্রেসিডেন্ট স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'সেটা ওনাকেই (প্রেসিডেন্ট) জিজ্ঞাসা করতে হবে।'

