বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই শুল্কের হার ১০ শতাংশ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মূলত অস্থায়ী ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পরিপ্রেক্ষিতেই মার্কিন প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করেছে।
বৃহস্পতিবার ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন শুল্কের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্য এই নতুন শুল্কের আওতাভুক্ত হবে। তবে তেল ও গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যদ্রব্যসহ বেশ কিছু পণ্যকে এই শুল্কের আওতামুক্ত রাখা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আরোপিত ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করে দিয়েছিল। সেই রায়ের পর বৈশ্বিক শুল্ক আরোপের নির্বাচনী পরিকল্পনা পুনরুদ্ধারের লক্ষ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো।
সুপ্রিম কোর্টের রায়ের পর ডনাল্ড ট্রাম্প ১৫০ দিনের জন্য ১০ শতাংশ হারে একটি অস্থায়ী শুল্ক আরোপ করেছিলেন, যার মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হবে। নতুন এই শুল্ক ঠিক সেই সময় থেকেই কার্যকর করা হবে। তবে ২৮ জুলাই রাত ১২টা ১ মিনিট পর্যন্ত যে পণ্যগুলো পরিবহনাধীন অবস্থায় থাকবে, সেগুলো এই শুল্কের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

