রাজধানীর মতিঝিল এলাকায় দুর্বৃত্তদের ছোড়া একটি পেট্রোল বোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এ বিস্ফোরণটি ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ, র্যাব এবং বোমা নিষ্ক্রিয়কারী (বোম ডিসপোজাল) ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সড়কের একপাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন এবং তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তল্লাশির একপর্যায়ে ঘটনাস্থলে একটি ছাতার ভেতরে মোড়ানো অবস্থায় আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

