কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। শনিবার বিকেলে কোস্টগার্ড চট্টগ্রাম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই সকাল ১০টার দিকে কোস্টগার্ড স্টেশন ইনানীর একটি বিশেষ দল ইনানী মেরিন ড্রাইভ এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সৈকত যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সন্দেহভাজন যাত্রী হাফেজ উল্লাহর কোমরে মোড়ানো অবস্থায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ডের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
আটককৃত হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার প্রয়াত তমিম গোলালের ছেলে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর জানান, হাফেজ উল্লাহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুপাতো বোনের জামাই। তিনি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করলেও বর্তমানে কোনো কমিটিতে নেই।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হাফেজ উল্লাহর বিরুদ্ধে অতীতেও মাদক পাচারের অভিযোগ রয়েছে। এর আগে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ সালে চট্টগ্রাম র্যাব-৭ গোপন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেছিল। ওই সময় একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে বিক্রির কথা স্বীকার করেছিলেন।

