শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ২৩ দিন বন্ধ থাকবে। এই দুই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত রয়েছে মাত্র ৩৮ দিন।
আগস্ট মাস শুরু হচ্ছে ১ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটির মধ্য দিয়ে। এ মাসে সাপ্তাহিক ছুটি ৯ দিন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আরও তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে আগস্টে মোট ১২ দিন বন্ধ থাকায় ক্লাস হবে ১৯ দিন। এর আগে আগস্ট শুরুর আগেই ২৯ জুলাই (বুধবার) আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিন সাধারণ ছুটি থাকবে। পরদিন বৃহস্পতিবার শ্রেণি কার্যক্রম চললেও এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
অন্যদিকে, সেপ্টেম্বর মাসেও সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন দিবস উপলক্ষে তিনদিন ছুটি থাকবে। সব মিলিয়ে এ মাসে মোট ১১ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সেপ্টেম্বরেও শ্রেণি কার্যক্রম চলবে ১৯ দিন। দুই মাসের মোট ২৩ দিনের ছুটির মধ্যে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে ১৭ দিন এবং বিভিন্ন দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকছে ছয়দিন।
শিক্ষাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাৎসরিক নির্ধারিত এই ছুটির তালিকার বাইরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ কোনো পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে আরও ছুটি ঘোষণা করতে পারে।

