আশুলিয়ায় চলন্ত একটি লোকাল বাসে এক পোশাকশ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ইতিহাস পরিবহনের ওই বাসে চালক ও হেলপারের যোগসাজশে এই ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে এবং নিজেকে রক্ষা করতে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন ওই নারী, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন।
ভুক্তভোগী ওই নারী (২৭) আশুলিয়ার ইপিজেড-১ এলাকার একটি তৈরি পোশাক কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত আছেন। মামলার এজাহার অনুযায়ী, গত ১২ জুলাই দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে চন্দ্রা চৌরাস্তায় তিনি আশুলিয়াগামী ইতিহাস পরিবহনের ওই লোকাল বাসে ওঠেন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীপুর বাসস্ট্যান্ড ও ইপিজেড এলাকার মধ্যবর্তী নির্জন স্থানে পৌঁছালে বাসের হেলপার তার পাশে এসে জোরপূর্বক শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় বাসচালকও হেলপারকে সহযোগিতা করেন।
পরবর্তীতে জীবন বাজি রেখে ওই নারী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন। পরে অন্য একটি বাসের সহায়তায় তিনি আশুলিয়া এলাকায় পৌঁছান এবং আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে পরদিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় আশুলিয়া থানা পুলিশ শনিবার রাজ ফুলবাড়িয়া এলাকা থেকে বাসচালক আজিজুল শিকদার ওরফে রাজুকে (৩৭) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত চালক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হরিণহাটি এলাকার বাসিন্দা। পুলিশ ধর্ষণচেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ করেছে এবং ভুক্তভোগীর হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করেছে। তবে ঘটনার সঙ্গে জড়িত বাসের হেলপার এখনো পলাতক রয়েছে। পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন।

