লস অ্যাঞ্জেলেসের বাফলা কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের একত্র করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ২০১০ সালে ২৯টি সংগঠনের সমন্বয়ে বাফলার যাত্রা শুরু হয়েছিল।
অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ার রুবিনা নাজিব নবনির্বাচিত ক্যাবিনেটকে শপথবাক্য পাঠ করান। এসময় সদ্য বিদায়ী ক্যাবিনেট, নির্বাচন কমিশনের সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই শপথ গ্রহণের মাধ্যমে সভাপতি ইলিয়াস এম শিকদার এবং সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুলের নেতৃত্বে নতুন ক্যাবিনেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি দাউদ বাফাতিয়া, ফাইন্যান্স সেক্রেটারি রাসেল মাহমুদ জুয়েল, অর্গানাজিং সেক্রেটারি খোরশেদ আলম রতন, পাবলিক রিলেশন অফিসার মাসুক আল হোসাইন এবং কালচারাল সেক্রেটারি সায়লা রুমি।
সভাপতি ইলিয়াস এম শিকদার তাঁর বক্তব্যে বিদায়ী ক্যাবিনেটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাফলা লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির একটি প্রধান প্ল্যাটফর্ম। তিনি ব্যক্তিগত বা গোষ্ঠীগত অবস্থানের ঊর্ধ্বে উঠে ফেডারেশনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক নাসির সৈয়দ জেবুল জানান, নতুন ক্যাবিনেট বাংলাদেশ ডে প্যারেড উদ্যাপনের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে সক্রিয় ভূমিকা রাখবে।
নতুন ক্যাবিনেটের সদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালনের অঙ্গীকার করেন। বিদায়ী নেতারা নতুন ক্যাবিনেটকে ফুল দিয়ে অভিনন্দন জানান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

