বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটিতে জাবি অধ্যাপক রবিউল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে বাংলাদেশ বার কাউন্সিলের ‘লিগ্যাল এডুকেশন কমিটি’র সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলের ভারপ্রাপ্ত সচিব মো. আল এমরান স্বাক্ষরিত এক অফিশিয়াল নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়। কমিটির অনুলিপিতে তার নাম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও তা জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়।

অধ্যাপক রবিউল ইসলাম ছাড়াও এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মুহা. মুজাহিদুল ইসলাম শাহিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। বর্তমানে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দেশের আইনি শিক্ষার মানোন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন নীতি নির্ধারণী বিষয় পর্যালোচনার লক্ষ্যে আগামী ২১ জুলাই বিকেল ৪টায় বার কাউন্সিল ভবনে এই কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

আসন্ন এই সভায় বেশ কিছু এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিদেশে অর্জিত আইন ডিগ্রির সমতা নির্ধারণের জন্য একটি ‘ইকুইভ্যালেন্স কমিটি’ গঠন, বাংলাদেশ লিগ্যাল এডুকেশন রুলস-২০২০, শিক্ষানবীশ আইনজীবীদের প্রশিক্ষণ কোর্স এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দুই বছরের এলএলবি (পাস) কোর্স সংক্রান্ত বিষয়াদি। এছাড়াও, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনি শিক্ষা কার্যক্রম সরকারি বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা, সে বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত