ভাঙ্গুড়ায় ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করল বসুন্ধরা শুভসংঘ

পাবনার ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ সনাক্ত করা হয়েছে। রবিবার উপজেলার পুকুরপাড় আইডিয়াল স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। এই বিশেষ কার্যক্রমটি বাস্তবায়নে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভাব)-এর ভাঙ্গুড়া কার্যালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।

শুভসংঘের সদস্যরা জানান, উপজেলার মোট ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়টি অন্যতম বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি চলনবিল অধ্যুষিত এলাকায় অবস্থিত হওয়ায় এখানকার অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র এবং স্বাস্থ্য সচেতনতার দিক থেকে পিছিয়ে রয়েছে। এই বাস্তবতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় রক্তের গ্রুপ সনাক্তকরণের এই উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। পর্যায়ক্রমে এসব শিক্ষার্থীদের স্বাস্থ্যগত দিক থেকে আরও সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রতিটি মানুষেরই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ যেকোনো জরুরি পরিস্থিতিতে শরীরে রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ জানা থাকলে রক্ত সংগ্রহ করা অনেক সহজ হয়। এটি একটি অত্যন্ত মহৎ উদ্যোগ এবং এজন্য আমি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।

ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাঙ্গুড়া শাখার ব্যবস্থাপক লিটন আহমেদ বলেন, তারা মূলত মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে, তাই তাদের এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

উপজেলা শুভসংঘের সভাপতি আরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই মূলত শুভসংঘের ভাঙ্গুড়া শাখার সদস্যরা রক্তের গ্রুপ সনাক্তের এই পরিকল্পনা গ্রহণ করে। এতে ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমাদের সার্বিক সহায়তা করেছে। মানুষের প্রয়োজনে সবসময় পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি।