ভৈরবে সাবেক মেয়রের জানাজায় স্লোগান দিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ কর্মী

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম নবী হোসেন (৪৫)। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বুধবার (২২ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সাবেক মেয়রের জানাজা সম্পন্ন হওয়ার পর তার কফিনে পুষ্পস্তবক অর্পণের সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন নবী হোসেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সঙ্গেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন ভৈরব থানার পুলিশ পরিদর্শক লিমন বোস।

পুলিশ পরিদর্শক লিমন বোস এ বিষয়ে জানান, প্রায় ১৪ মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে দলটির কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। এমতাবস্থায় একজন মৃত ব্যক্তির জানাজার মতো জায়গায় এ ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক সহিংসতায় উসকানি ও উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছে। এই মামলায় নবী হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া সাবেক মেয়রের জানাজায় স্লোগান দেওয়ার ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত