সাতক্ষীরা শহরের বেসরকারি ব্লিস হাসপাতালে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। সম্মিলিত প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের বিভিন্ন তলায় অবস্থান করা রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। একইসঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া সবাইকে উদ্ধার করে বের করে আনা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। এছাড়া হাসপাতাল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেন।
ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবির এই সম্মিলিত উদ্ধার অভিযানের ফলে হাসপাতালে ভর্তি থাকা সকল রোগীকে নিরাপদে স্থানান্তর করা সম্ভব হয়েছে।

