জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ লোকমান হোসেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) প্রথম উপ–উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ২১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে এই পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগপর্যন্ত—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত উপ–উপাচার্যের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব (বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম সিদ্দিকী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।

