দীর্ঘদিন পর পটিয়ায় রাজপথে ছাত্রদলের স্মরণসভা ও র‍্যালি

দীর্ঘদিন বিরতির পর চট্টগ্রামের পটিয়ায় পুনরায় মাঠের রাজনীতি ও কর্মসূচিতে ফিরেছে ছাত্রদল। শুক্রবার বিকেলে জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার যৌথ উদ্যোগে একটি র‍্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ ছাত্রনেতা আঁকিবুল হক আঁকিব। তিনি সংসদ সদস্য এনামুল হক এনামের বড় ছেলে। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন। এছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, রেজাউল করিম মিজানসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আঁকিবুল হক আঁকিব বলেন, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধ ও আবু সাঈদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজকের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই শহীদদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে এস এম নয়ন বলেন, বিগত দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্রদল রাজপথে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে। তিনি আরও ঘোষণা করেন, জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত ছাত্রদল মাঠ ছাড়বে না। আগামী দিনে দেশবিরোধী যেকোনো শক্তিকে রুখে দিতে ছাত্রদল সবসময় লড়ে যাবে।

স্মরণসভা শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট থেকে একটি র‍্যালি শুরু হয়, যা উপজেলা গেট এলাকায় গিয়ে শেষ হয়।

কন্টেন্ট: সংগৃহীত