ছাত্রশিবির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান প্রধান নিখোঁজ

ছাত্রশিবির নেতা জিসান প্রধান নিখোঁজ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান প্রধান নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, জিসান প্রধানের হোয়াটসঅ্যাপে সর্বশেষ কার্যক্রম রাত ৮টা ২৯ মিনিটে দেখা গেছে। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তার সঙ্গে দলীয় কর্মীসহ পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পারছেন না। আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এই ঘটনায় জিসান প্রধানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহাম্মেদ দাউদকান্দি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গতকাল রাতে জিসানের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু এশার নামাজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তার ফেসবুক অ্যাকাউন্টটিও নিষ্ক্রিয় করা হয়েছে। তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসন এখনো তার কোনো খোঁজ দিতে পারেনি।

দাউদকান্দি উপজেলা যুববিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ বলেন, জিসান গতকাল ঢাকা থেকে দাউদকান্দি এসে মডেল মসজিদে এশার নামাজ পড়ে। তার গ্রামের বাড়ি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু সে বাড়ি ফেরেনি। আমরা প্রশাসনের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করছি।

দাউদকান্দি মডেল থানার ওসি তদন্ত মো. সামছুল আলম প্রধান জানিয়েছেন, তারা অভিযোগ পেয়েছেন এবং সেই অনুযায়ী তদন্ত চলছে।