ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভাসানী নভোথিয়েটারে আয়োজিত সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট ২০২৬-এ ড্যাফোডিল গ্রুপ তাদের প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেম প্রদর্শন করেছে। গ্রুপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত প্রযুক্তি, রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং উদীয়মান সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সক্ষমতাকে এই সম্মেলনে তুলে ধরে।
সম্মেলন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ড্যাফোডিল কম্পিউটারস প্যাভিলিয়ন পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং সংশ্লিষ্ট সচিবগণ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ড্যাফোডিলের ‘ডিসিএল হাই-টেক’-এর ল্যাপটপ ও আইসিটি হার্ডওয়্যার উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতার প্রশংসা করেন এবং এসব পণ্যকে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে বিশ্ববাজারে তুলে ধরার আহ্বান জানান। দেশের উৎপাদন সক্ষমতাকে গর্বের সঙ্গে উদ্যাপনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
প্যাভিলিয়নে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য মতবিনিময় হয়। ড. খান এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এবং জানান যে, এসব প্রকল্প বাস্তবায়ন করলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও সাশ্রয়ী হবে। প্রধানমন্ত্রী এ ধরনের উদ্যোগের প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং উপস্থিত মন্ত্রী ও উপদেষ্টারাও এতে একমত হন।
ড. মো. সবুর খান প্রধানমন্ত্রীকে ড্যাফোডিল হাই-টেক পার্ক পরিদর্শনের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী তা গ্রহণ করেন। একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নকে গতিশীল করার লক্ষ্যে ২০০১ সালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত আইসিটি টাস্কফোর্স পুনরায় সক্রিয় করার প্রস্তাব দেন ড. খান। প্রধানমন্ত্রী এ বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

