গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফিরোজ কবির প্রধান বকুল (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামে অবস্থিত তার নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজ কবির ওই গ্রামেরই বাসিন্দা রেজাউল প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকুল মাদকাসক্ত ছিলেন এবং বেশ কিছুদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। পারিবারিক এই অভাব-অনটন নিয়ে তার স্ত্রীর সাথে প্রায়ই মনোমালিন্যের ঘটনা ঘটত। পারিবারিক কলহের জেরে কয়েক দিন আগে বকুলের স্ত্রী অভিমান করে তার বাবার বাড়িতে চলে যান। স্ত্রীর চলে যাওয়ার পর থেকে বকুল মানসিকভাবে বিপর্যস্ত ও হতাশায় ভুগছিলেন। শনিবার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা নিজ ঘরে বকুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
