১৫ টাকা কেজিতে চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী পরিবার

বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবকালীন সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে। গত ১ আগস্ট থেকে এই বিশেষ কর্মসূচি কার্যকর করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী ছয় মাস মেয়াদে ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাবেন। এই ছয় মাসের মধ্যে রয়েছে আগস্ট থেকে নভেম্বর মাস এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল মাস। একজন কার্ডধারী প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মাঝে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র বা ট্রাকের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

দেশে বর্তমানে খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় জানায়, অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে মজুত অনেক বেশি এবং খাদ্যশস্য সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন ধানকে চালে রূপান্তর করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত