সরকারের ছয় মাসের অর্জন ও সীমাবদ্ধতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতির বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে মূল্যায়ন করা হচ্ছে। দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অগ্রগতির তথ্য জানান।

তথ্য উপদেষ্টা জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে গঠিত একটি কমিটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম যাচাই-বাছাই করছে। তিনি নিজেও এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকার রেলপথ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছে এবং নির্বাচনি ইশতেহারে ঘোষিত আন্তঃনগর ও কমিউটার ট্রেন সেবা সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ‘অভিযাত্রিক কমিউটার’ ট্রেন চালু হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘ এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের আট হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে এবং দক্ষিণ কোরিয়ার এক হাজার ৫৪টি পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্ষেত্রে সিলেট সিটি করপোরেশনে দেশের প্রথম বায়ো-ড্রাইং প্ল্যান্ট স্থাপনের বিষয়টিও তিনি তুলে ধরেন, যা বর্জ্য ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয় এবং জুন ২০২৬ পর্যন্ত ৭০ হাজার ৮৬১টি কার্ড সফলভাবে বিতরণ করা হয়েছে। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহ শেষে আগামী ১০ অক্টোবর থেকে সারা দেশে ৪১ লাখ পরিবারকে এই কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে। সরকারের ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রীর জাতির সামনে ভাষণের সম্ভাবনা থাকলেও এটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা।